খুলনা প্রতিনিধি:
‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হুরে জান্নাত।
সভায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জেলার সার্বিক প্রস্তুতি, নগরীর সৌন্দর্যবর্ধন, যানজট নিরসন ও নিরাপত্তাব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক হুরে জান্নাত জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত অফিসে উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি অপ্রয়োজনীয় নৈমিত্তিক ছুটি নেওয়ার প্রবণতা কমানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নগরীর অবৈধ স্থাপনা নিজ নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে জেলা প্রশাসক বলেন, অন্যথায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এসব স্থাপনা উচ্ছেদ করা হবে। খুলনা নগরীর সৌন্দর্যবর্ধনে সড়ক ও সরকারি ভবনগুলো রং করা এবং বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি। এ ছাড়া যানজট ও জনদুর্ভোগ এড়াতে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর জোর দেন।
সভায় জানানো হয়, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে যানবাহন রিকুইজিশন, বিশ্রামস্থল ও হেলিপ্যাড প্রস্তুত, অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, বিদ্যুৎ ও জেনারেটরের ব্যবস্থা, অগ্নিনির্বাপণ প্রস্তুতি এবং নিরাপত্তা পাসসহ সংশ্লিষ্ট কার্যক্রম নিজ নিজ দপ্তরকে যথাযথভাবে সম্পন্ন করতে হবে।
সভায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) খুলনার পরিচালক আহমেদ কবীর, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্রসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

