খুলনা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ নভেম্বর খুলনা সফর করবেন। এ সফরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে প্রস্তুতি দেখতে খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
বুধবার দুপুরে স্টেডিয়াম পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, খুলনার দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য ফাহমিদা হক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম এবং বিএনপি নেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্টেডিয়াম পরিদর্শন শেষে রকিবুল ইসলাম বকুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে খুলনার ঐতিহাসিক জেলা স্টেডিয়ামসহ পুরো শহরকে প্রস্তুত করতে হবে। এ সফর সফল করতে দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলা ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে সুন্দর ও সমৃদ্ধ খুলনা গড়ে তোলা সম্ভব। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও দলের সমন্বিত প্রস্তুতি গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে স্টেডিয়ামসহ সংশ্লিষ্ট এলাকাগুলোর প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে এ পরিদর্শন করা হয়।

