পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে সব পূজামন্দির সিসিটিভি ক্যামেরার আওতায় রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি বিএনপির কেন্দ্র, জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের পর্যবেক্ষক দল এবং মন্দিরভিত্তিক স্বেচ্ছাসেবকদের ২৪ ঘণ্টা নজরদারি চালানোর কথা জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরগুলোর অনুকূলে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
ফাহমিদা হক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অবস্থাতেই সুযোগসন্ধানীরা যেন এই সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, কয়রা-পাইকগাছা অঞ্চলের আর্থসামাজিক অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ এবং শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে ইতিমধ্যে তালিকা জমা দেওয়া হয়েছে। অবহেলিত এই অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী গুরুত্ব দিচ্ছেন। স্বাস্থ্য, শিক্ষা ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে। দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে পাইকগাছা উপজেলার ১৫১টি শারদীয় দুর্গাপূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সরকারি বরাদ্দের ডিও লেটার তুলে দেওয়া হয়। এ ছাড়া সংসদ সদস্য ফাহমিদা হক ব্যক্তিগত তহবিল থেকে ৪৭টি পূজামণ্ডপে পাঁচ হাজার টাকা করে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্যসচিব ও খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এ দেশের সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব মিলেমিশে উদ্যাপন করে আসছে। দুর্গাপূজা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরাও মণ্ডপের নিরাপত্তায় সতর্ক অবস্থানে থাকবেন।
বাপ্পী বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাশা, সবাই যেন সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে ধর্মীয় উৎসব পালন করতে পারেন। ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগান সামনে রেখে তিনি বলেন, বাংলাদেশ সবার; এখানে অশুভ শক্তির কোনো স্থান নেই। বিরোধিতার স্বার্থে বিরোধিতা না করে সরকারকে সহযোগিতা করার জন্য জামায়াতের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা থানার ওসি (অপারেশন) জুলফিকার আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ এবং উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম ইমদাদুল হকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা।
এ সময় উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, সদস্যসচিব হিমাদ্রি শেখর দে, পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাবুরাম মণ্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পৌর সভাপতি সন্তোষসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও যুবসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চিকিৎসাপ্রার্থীদের মধ্যেও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া।

