খুলনা ব্যুরো:
খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় হৃদয় নামে এক যুবককে খুঁজতে গিয়ে তার মাকে গুলি করেছে একদল দুর্বৃত্ত। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুলিতে শিমুল (৪০) নামে ওই নারী আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শিমুল করিমনগর এলাকার বাসিন্দা মুকুলের স্ত্রী এবং হৃদয়ের মা। পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে ৬ থেকে ৭ জনের একটি দল মোটরসাইকেলে করে করিমনগর এলাকায় আসে। তারা হৃদয়কে খুঁজতে তার বাড়িতে গিয়ে দরজায় টোকা দেয়। শিমুল দরজা খুলে দিলে দুর্বৃত্তরা হৃদয়ের খোঁজ জানতে চায়। বাড়িতে হৃদয় নেই জানানো হলে একপর্যায়ে তাদের একজন গুলি ছোড়ে।
গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে শিমুলের কোমরের পেছনের ডান পাশে বিদ্ধ হয়। গুলি করার পরপরই দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ছেড়ে যায়।
আহত শিমুলের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে তার শরীর থেকে গুলিটি বের করতে পারেননি।
শিমুলের স্বামী মুকুল বলেন, “সাড়ে ১০টার দিকে ৬-৭ জন যুবক এসে দরজায় টোকা দেয়। দরজা খুললে তারা আমাদের ছেলে হৃদয়ের সন্ধান করে। বাড়িতে নেই বলার পর তাদের একজন আমাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার স্ত্রী শিমুলের কোমরের পেছনের ডান পাশে লাগে।”
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে বিভিন্ন স্থান থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সেগুলো যাচাই-বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
ওসি আরও জানান, আহত শিমুলের ছেলে হৃদয়ের সঙ্গে একটি পক্ষের বিরোধ রয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। ওই বিরোধের জেরে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে দুর্বৃত্তরা হৃদয়কে খুঁজতে গিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

