রাজনীতি ডেস্ক:
ক্যাম্পাসে শক্তি প্রদর্শন ও শিক্ষার্থীদের জোরজবরদস্তির রাজনীতি পরিহার না করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিগবা।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাস রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
সিবগাতুল্লাহ সিগবা বলেন, অতীতে ছাত্রলীগের কর্মকাণ্ড ও পরিণতি থেকে ছাত্রদল শিক্ষা নেয়নি। শিক্ষার্থীদের ওপর জোরজবরদস্তি করে দলীয় কার্যক্রমে সম্পৃক্ত করার যে প্রবণতা ছাত্রলীগের মধ্যে ছিল, ছাত্রদলও একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, ‘আমাদের মনে হচ্ছে ছাত্রদল ছাত্রলীগ থেকে শিক্ষা গ্রহণ করেনি। অতীতে যেভাবে ছাত্রলীগ মনে করত যে শিক্ষার্থীদের ওপর জোরজবরদস্তি করে দলীয় কার্যক্রমে নিয়ে আসবে এবং তারা ভেবেছিল এটাই বুঝি তাদের টিকে থাকার বা মুক্তির পথ; বর্তমানে ছাত্রদলও ঠিক একই রকম কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।’
শিবিরের এই নেতা অভিযোগ করেন, ক্যাম্পাসগুলোতে বলপ্রয়োগ ও শক্তি প্রদর্শনের মাধ্যমে আধিপত্য বিস্তারের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে ছাত্রদল। শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এ ধরনের রাজনীতি কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না বলেও মন্তব্য করেন তিনি।
সিবগাতুল্লাহ সিগবা বলেন, ছাত্রলীগের অতীত কর্মকাণ্ড ও তাদের পরিণতি থেকে ছাত্রদলের শিক্ষা নেওয়া উচিত। শিক্ষার্থীদের মতামত ও ইচ্ছাকে উপেক্ষা করে জোরজবরদস্তির মাধ্যমে ক্যাম্পাসে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা পরিহার করা প্রয়োজন।

