খুলনা প্রতিনিধি
খুলনার খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট এলাকায় পৃথক ট্রেন দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সকালে কয়েক ঘণ্টার ব্যবধানে ফুলবাড়ীগেট রেলক্রসিংয়ের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফুলবাড়ী মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহাফুজুল ইসলাম সিয়াম এবং জয়নাল আবেদীন নামে এক বৃদ্ধ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ঢাকা থেকে খুলনাগামী শিপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাহাফুজুল ইসলাম সিয়ামের মৃত্যু হয়। পরে সকাল ৯টার দিকে একই এলাকার দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১০০ গজ দূরে ঈশ্বরদী থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জয়নাল আবেদীন নিহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) রায়হান। তিনি জানান, সিয়ামের মৃত্যুর ঘটনাটি সন্দেহজনক হওয়ায় তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, নিহত জয়নাল আবেদীন মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানান তিনি।
দুটি মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

