ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী খুলনার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিয়েছেন খুলনা জেলা ও ডুমুরিয়া উপজেলা তাঁতী দলের নেতারা।
শুক্রবার (১৬ অক্টোবর) এ কর্মসূচিতে নেতৃত্ব দেন খুলনা জেলা তাঁতী দলের আহ্বায়ক শহিদুল ইসলাম লিটন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন মাস্টার ও মাহাতাব হোসেন, সদস্য নাসির ব্যাপারীসহ জেলা কমিটির অন্যান্য নেতারা।
এ ছাড়া ডুমুরিয়া উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রায়হানুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মী।
পূজামণ্ডপ পরিদর্শনকালে নেতারা সংশ্লিষ্ট মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্ট নেতারা বলেন, ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সহাবস্থান ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধের বিকল্প নেই। সমাজের সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।

