খুলনা প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, আবহমানকাল ধরে এ দেশে সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সার্বজনীন দুর্গোৎসব পালন করে আসছেন। এই উৎসব বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, দুর্গাপূজার মূল তাৎপর্য হলো অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠা। অন্যায়ের বিরুদ্ধে শুভশক্তির বিজয়ের পাশাপাশি বিশ্বজনীন শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশায় দুর্গোৎসব পালিত হয়।
তিনি আরও বলেন, দুর্গোৎসব প্রতিবছর মানুষের জীবনে আনন্দ ও শান্তির বার্তা নিয়ে আসে। সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে এ দেশের মানুষ দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য ঐতিহ্য লালন করে আসছে, যা জাতি হিসেবে আমাদের গর্বিত করে।
শুভেচ্ছা বাণীতে তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, দুর্গোৎসবের আনন্দ ও চেতনা সবার মধ্যে প্রীতি, ভালোবাসা ও পারস্পরিক সহমর্মিতা জাগ্রত করবে। ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হবে এবং সমাজে সুখ-সমৃদ্ধি অম্লান থাকবে। একই সঙ্গে অসত্য ও অসুন্দরের বিরুদ্ধে সবার সম্মিলিত প্রয়াস অব্যাহত থাকবে।
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব আনন্দ, শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে উদ্যাপিত হোক—এ কামনা করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

