খুলনা প্রতিনিধি:
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আলী আসগর লবি এমপি বলেছেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার সরকারের নেতৃত্বে দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদ্যাপিত হচ্ছে। বিএনপি সরকার সবার সরকার, ধর্মীয় স্বাধীনতার সরকার। ধর্ম যার যার, বাংলাদেশ সবার এই চেতনা ধারণ করেই সবাইকে একসঙ্গে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, সব ধর্মের মানুষ যেন সমানভাবে বাক্স্বাধীনতা ভোগ করতে পারেন, তা বর্তমান প্রধানমন্ত্রীর অন্যতম নির্বাচনী অঙ্গীকার। সাম্প্রদায়িকতা নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের ভিত্তিতেই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আজ বিকেলে খুলনার ফুলতলা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন আলী আসগর লবি এমপি।
এ সময় ফুলতলার মশিয়ালী বুড়ো মায়ের গাছতলা মন্দিরে উপস্থিত ছিলেন খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, ফুলতলা উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল বাশার, সাধারণ সম্পাদক টিটু ভূঁইয়া, বিএনপি নেতা ইমরান হোসেন ও ইকবাল হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান লেলিন, আব্দুল্লাহেল কাফি সখা, জাহাঙ্গীর হোসেন খোকাসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

