রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খেলাধুলা

ফিফার সভাপতির সঙ্গে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সাক্ষাৎ

স্পোর্টস ডেস্ক:

মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় প্রায় দুই ঘণ্টার যাত্রাবিরতি করেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। সাক্ষাতে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন, ফিফার সহযোগিতা এবং ভবিষ্যতে দুই পক্ষের যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে তাবিথ আউয়াল জানান, দুই ঘণ্টার যাত্রাবিরতির মধ্যেই বাফুফের একটি প্রতিনিধিদল ফিফা সভাপতির সঙ্গে আলোচনা করার সুযোগ পেয়েছে। এ সময় বাংলাদেশের উদ্দেশে একটি ভিডিও বার্তাও দিয়ে গেছেন ইনফান্তিনো।

বাফুফে সভাপতি বলেন, ভবিষ্যতে ফিফার সঙ্গে বাংলাদেশ কীভাবে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় আসিয়ান কাপে বাংলাদেশের অভিজ্ঞতা এবং ভবিষ্যতে এ ধরনের আরও টুর্নামেন্ট আয়োজন করা হলে বাংলাদেশ অংশ নেবে কি না, সে বিষয়েও জানতে চান ফিফা সভাপতি।

আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ফুটবলের পরিসর বাড়ানোর বিষয়টিও আলোচনায় এসেছে বলে জানান তাবিথ আউয়াল। তিনি বলেন, বাংলাদেশ আরও বেশি ইউরোপীয় দেশের বিপক্ষে খেলতে চায়। বিভিন্ন কনফেডারেশনের দলগুলোর মধ্যে পারস্পরিক ম্যাচের সুযোগ বাড়াতে ফিফা উইন্ডো আরও উন্মুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে।

ফিফার ফরোয়ার্ড প্রোগ্রামের আওতায় বরাদ্দ অর্থের যেসব অংশ এখনো ব্যয় করা হয়নি, সেগুলো নিয়েও কথা হয়েছে। তাবিথ আউয়াল জানান, সংশ্লিষ্ট প্রকল্পগুলো প্রস্তুত করার কাজ চলছে। এসব প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়ায় গতি এলে ফিফা সভাপতি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফরে এসে প্রকল্পগুলোর উদ্বোধন করতে আগ্রহী।

বাংলাদেশে ইনফান্তিনোর সম্ভাব্য সফর প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেন, জাতীয় ফুটবল টেকনিক্যাল সেন্টারের কাজ শুরু হলে, সিলেটে হাইব্রিড পিচ নির্মাণের কাজ এগোলে কিংবা দুটি স্টেডিয়ামের সংস্কার ও ফ্লাডলাইট স্থাপনের কাজ শুরু হলে ফিফা সভাপতির বাংলাদেশ সফরের উপযুক্ত উপলক্ষ তৈরি হবে। তাঁর ভাষায়, ফিফা সভাপতি যেকোনো সময় বাংলাদেশে আসতে প্রস্তুত।

দেশের স্টেডিয়ামগুলোতে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে আলোকসজ্জার পরিকল্পনার কথাও ফিফা সভাপতিকে জানিয়েছেন তাবিথ আউয়াল। পাশাপাশি চতুর্থ শ্রেণি থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ সম্পর্কেও তাঁকে অবহিত করা হয়েছে। এসব পরিকল্পনা ও অগ্রগতিতে ইনফান্তিনো উৎসাহ দেখিয়েছেন বলে জানান বাফুফে সভাপতি।

ফিফা সভাপতি নির্বাচন কিংবা রাজনৈতিক কোনো বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়নি বলেও স্পষ্ট করেন তাবিথ আউয়াল। তিনি বলেন, বৈঠকে মূলত ফুটবলের উন্নয়ন নিয়েই কথা হয়েছে। আগামী ১৮ নভেম্বর ফিফা সভাপতি পদে কারা মনোনয়ন জমা দেন, তা দেখার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। এরপর এ বিষয়ে নিজেদের অবস্থান নির্ধারণ বা প্রকাশ করার সুযোগ আসতে পারে।

ফিফার কাছে বাংলাদেশের ফুটবল কতটা গুরুত্ব পাচ্ছে—এমন প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেন, তাঁর বিশ্বাস, বাংলাদেশের ফুটবল যথেষ্ট অগ্রাধিকার পাচ্ছে। দেশের ফুটবলের উন্নয়নে নেওয়া উদ্যোগ ও অগ্রগতির তথ্য সরেজমিনে জানার পর ফিফা সভাপতি বাংলাদেশের কার্যক্রমে সন্তুষ্ট হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

ফিফার কাছ থেকে আরও সহযোগিতা পাওয়ার প্রত্যাশা জানিয়ে বাফুফে সভাপতি বলেন, বাংলাদেশ নিয়মিত ফিফার বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছে। এর মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের সক্রিয়তা এবং ফুটবলের উন্নয়নে বাফুফে ও সরকারের আন্তরিকতার বিষয়টি তুলে ধরা সম্ভব হচ্ছে।

বাংলাদেশের ফুটবলের অবকাঠামো উন্নয়ন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি এবং ফিফার সঙ্গে সহযোগিতা জোরদারের মাধ্যমে দেশের ফুটবলকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তাবিথ আউয়াল।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581