স্পোর্টস ডেস্ক:
বাবার সঙ্গে একই জার্সিতে আফগানিস্তানের হয়ে মাঠে নামার স্বপ্ন মোহাম্মদ নবী অনেক আগেই জানিয়েছিলেন। সেই স্বপ্ন এখন বাস্তবতার বেশ কাছাকাছি। তবে ছেলের সঙ্গে জাতীয় দলে খেলতে হলে আরও কিছুটা অপেক্ষা করতে হবে ৪১ বছর বয়সী এই তারকা অলরাউন্ডারকে।
প্রথমবারের মতো আফগানিস্তানের জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন নবীর বড় ছেলে হাসান ইসাখিল। ২০২৬ এশিয়ান গেমসকে সামনে রেখে তরুণ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ১৫ সদস্যের সেই দলে জায়গা হয়েছে ২০ বছর বয়সী ইসাখিলের।
তবে এশিয়ান গেমসের স্কোয়াডে নেই মোহাম্মদ নবী। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বাবা-ছেলের একই সঙ্গে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করার অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।
জাতীয় দলে ডাক পাওয়ার আগে অবশ্য একই দলের হয়ে খেলার স্বাদ পেয়েছেন নবী ও ইসাখিল। চলতি বছরের বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের জার্সিতে একসঙ্গে মাঠে নেমেছিলেন তারা। এবার সেই অভিজ্ঞতার পর ইসাখিল পা রাখলেন আফগানিস্তানের জাতীয় দলের দরজায়।
এশিয়ান গেমসে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন দরবেশ রাসুলি। তরুণদের সঙ্গে অভিজ্ঞতার সমন্বয় করতে দলে রাখা হয়েছে করিম জানাত ও নাজিবউল্লাহ জাদরানকে।
ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা শপাগিজা ক্রিকেট লিগে নজর কাড়া পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন মোহাম্মদ আকরাম, খালেদ তানিওয়াল ও ইসমত আলম। এছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করা ফয়সাল শিনোজাদাও আছেন এশিয়ান গেমসের দলে।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত জাপানের আইচিতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ক্রিকেট প্রতিযোগিতা।
এশিয়ান গেমসে আফগানিস্তানের স্কোয়াড
দরবেশ রাসুলি (অধিনায়ক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), মোহাম্মদ আকরাম, হাসান ইসাখিল, খালেদ তানিওয়াল, ইমরান মীর, ফয়সাল শিনোজাদা, নাজিবউল্লাহ জাদরান, ফারমানউল্লাহ, ইসমত আলম, করিম জানাত, নাঙ্গিয়ালাই খারোতি, আরব গুল মোমান্দ, ফরিদুন দাউদজাই ও আবদুল্লাহ আহমদজাই।
ইসাখিলের জন্য এটি আফগানিস্তানের জার্সিতে নতুন অধ্যায়ের শুরু। আর মোহাম্মদ নবীর জন্য ছেলেকে জাতীয় দলের স্কোয়াডে দেখার মুহূর্তটি হতে পারে সেই বহুদিনের স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় অগ্রগতি।

