খুলনা প্রতিনিধি:
গণতন্ত্র ও জনগণের মুক্তির সব সংগ্রামে অগ্রসেনানী ছিলেন ভাষাসৈনিক ও প্রবীণ রাজনীতিক এম নুরুল ইসলাম দাদু ভাই। দৃঢ়তা, অটুট মনোবল, সাহস, ধৈর্য ও ব্যক্তিত্বে তিনি ছিলেন অনন্য। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান রয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত খুলনার রাজপথের আন্দোলন-সংগ্রামে তাঁর সক্রিয় উপস্থিতি ছিল।
বুধবার (২১ অক্টোবর) বাদ জোহর খুলনার পিটিআই জামে মসজিদে বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য, খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
ভাষাসৈনিক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, প্রবীণ রাজনীতিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাইয়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, ভাষা আন্দোলনের পক্ষে জনমত গঠন ও আন্দোলন-সংগ্রাম সংগঠিত করতে খুলনায় যাঁরা মিছিল-সমাবেশ করেছেন, তাঁদের অন্যতম ছিলেন এম নুরুল ইসলাম দাদু ভাই। তাঁর রাজনৈতিক জীবন ও অবদান দলের নেতাকর্মীদের কাছে সব সময় অনুকরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, ২০০১ সালে চারদলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে খুলনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দাদু ভাই। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এর আগে দুপুর সাড়ে ১২টায় নগরীর টুটপাড়া সরকারি কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করেন বিএনপির নেতারা। দোয়া অনুষ্ঠান শেষে তাঁরা দাদু ভাইয়ের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, নিজাম উর রহমান লালু, গিয়াস উদ্দিন বনি, মজিবর রহমান ফয়েজ, ইউসুফ হারুন মজনু, কাজী শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম শুকুর, সাজ্জাদ হোসেন তোতন, শামসুজ্জামান চঞ্চল, কামরান হাসান, ইশহাক তালুকদার, শেখ জামিরুল ইসলাম জামিল, কাজী মাহবুবুল হক, মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান ও মোস্তফা কামালসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

