বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনায় বৃক্ষমেলায় রেকর্ড চারা বিক্রি মাসজুড়ে লেনদেন ছাড়াল ১ কোটি টাকা

খুলনা প্রতিনিধি:


খুলনা সার্কিট হাউস মাঠে মাসব্যাপী আয়োজিত বৃক্ষমেলার পর্দা নামছে আজ। শেষ মুহূর্তে এসে মেলায় চারা বিক্রিতে তৈরি হয়েছে নতুন রেকর্ড। এবারের মেলায় সর্বমোট ৭১ হাজার ৮০১টি চারা বিক্রি হয়েছে, যার বাজারমূল্য ১ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৬৪০ টাকা। গত বছরের তুলনায় বিক্রির পরিমাণ ও আর্থিক লেনদেন দুই ক্ষেত্রেই এবার উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগ ও খুলনা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গত ১১ জুলাই শুরু হয় মাসব্যাপী এই বৃক্ষমেলা। মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা নিয়ে অংশ নেন বিভিন্ন নার্সারি ও প্রতিষ্ঠান। শুরু থেকেই ক্রেতাদের আগ্রহ থাকলেও মেলার শেষ দিকে এসে সেই আগ্রহ আরও বেড়ে যায়।

মেলা নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, গত রবিবার একদিনেই ২ হাজার ৮২৩টি চারা বিক্রি হয়েছে। ওই দিনের বিক্রির পরিমাণ ছিল ৪ লাখ ১৮ হাজার ৫৯০ টাকা। সব মিলিয়ে মেলার শুরু থেকে সমাপনী দিন পর্যন্ত বিক্রি হওয়া চারার সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৮০১টি।

গত বছর একই মেলায় ৪৩ হাজার ৭২১টি চারা বিক্রি হয়েছিল। তখন মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় ৫৯ লাখ ৮৪ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে এবার চারা বিক্রির সংখ্যা যেমন অনেক বেড়েছে, তেমনি বেড়েছে মোট আর্থিক লেনদেনও। গত বছরের তুলনায় এবার প্রায় দ্বিগুণ অর্থমূল্যের চারা বিক্রি হয়েছে।

মেলা সংশ্লিষ্টরা বলছেন, নগরবাসীর মধ্যে সবুজায়ন ও বৃক্ষরোপণ নিয়ে সচেতনতা বাড়ার পাশাপাশি এক জায়গায় বিভিন্ন ধরনের চারা সহজে পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় এবারের মেলায় ক্রেতাদের উপস্থিতি ছিল বেশি। বাড়ির আঙিনা, ছাদবাগান কিংবা ব্যক্তিগত উদ্যোগে গাছ লাগানোর জন্য অনেকেই মেলা থেকে পছন্দের চারা সংগ্রহ করেছেন।

মেলার কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো. জাকির হোসেন বলেন, নগরবাসীর মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ আগের তুলনায় বেড়েছে। পাশাপাশি বৈচিত্র্যময় ও প্রয়োজনীয় বিভিন্ন প্রজাতির চারা সহজে পাওয়ায় মেলায় বিক্রিও বেড়েছে।

আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে মাসব্যাপী এই বৃক্ষমেলা। তবে আয়োজকদের প্রত্যাশা, মেলায় তৈরি হওয়া এই আগ্রহ মেলা শেষ হওয়ার পরও অব্যাহত থাকবে এবং নগর ও আশপাশের এলাকায় আরও বেশি গাছ লাগানোর উদ্যোগে তা ইতিবাচক ভূমিকা রাখবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493