রাজনীতি ডেস্ক:
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবীর রিজভী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রধানমন্ত্রীর নির্দেশনায় এভারকেয়ার হাসপাতালে গিয়ে মঈন খানের সঙ্গে দেখা করেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। এ সময় তিনি মন্ত্রীর চিকিৎসার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
একই সময়ে হাসপাতালে গিয়ে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন রুহুল কবীর রিজভী। তিনি মন্ত্রীর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. জাহিদুল কবির, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. আউয়াল, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, কুমিল্লার সিভিল সার্জন ডা. জহিরুল ইসলাম, শজিমেক ছাত্রদলের সাবেক সভাপতি ডা. আহসানুল কবীর ও সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মো. মেহরাব হোসেনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
হাসপাতালে উপস্থিত নেতারা মন্ত্রীর চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও মঈন খানের প্রতি সহমর্মিতা ও শুভকামনার বার্তা পৌঁছে দেওয়া হয়।
এর আগে গত ২১ অক্টোবর রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ড. আব্দুল মঈন খানকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। বর্তমানে তিনি অধ্যাপক ডা. সাহাব উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে বৃহস্পতিবার দুপুরে ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকেও দেখতে যান। এ সময় তিনি তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং শারীরিক অবস্থার বিষয়ে অবগত হন।

