রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
খেলাধুলা

৩০ দেশের অংশগ্রহণে ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’ ঘোষণা

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে কেক কেটে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। এবি মিডিয়া গ্রুপ এ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ ছাড়া এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কবির আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারসহ সাবেক ক্রিকেটার, ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক। যারা দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তাদের সম্পৃক্ত করে এমন উদ্যোগ নেওয়া প্রশংসনীয়।

তিনি বলেন, ৩০টি দেশের ক্রিকেট ক্লাবকে সম্পৃক্ত করে এ টুর্নামেন্ট আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন আশা ও উদ্দীপনা সৃষ্টি করবে। খেলাধুলাকে কেন্দ্র করে স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব। এ উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও দেশের ক্রিকেটারদের মধ্যে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমিনুল হক আরও বলেন, হামজা চৌধুরীর মতো খেলোয়াড়েরা বাংলাদেশের ফুটবলের ভাবমূর্তি সমৃদ্ধ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকেও কেউ জাতীয় ক্রিকেট দলে জায়গা করে নিয়ে দেশের সুনাম বাড়াবেন। এ সময় তিনি দেশের ৪৯৫টি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথাও জানান।

এবি মিডিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির আহমেদ ভূঁইয়া বলেন, বাংলাদেশের বিপুলসংখ্যক তরুণকে যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতার মাধ্যমে জনশক্তিতে রূপান্তর করতে হবে। প্রবাসে প্রতিষ্ঠিত বাংলাদেশিদের আন্তর্জাতিক যোগাযোগ ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা যাবে।

টুর্নামেন্টের সূচি সম্পর্কে কবির আহমেদ ভূঁইয়া জানান, উদ্বোধনী ম্যাচ অস্ট্রেলিয়ায় এবং ফাইনাল ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ফাইনালের গালা নাইটে বলিউড তারকা শাহরুখ খানের অংশ নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ বলেন, দীর্ঘ পরিশ্রমের মধ্য দিয়ে এ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্তমান সরকার ক্রীড়াবান্ধব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। এ জন্য তিনি বিসিবিকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ইভেন্ট ম্যানেজারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি মানসম্মত সম্প্রচার নিশ্চিত করতে একটি ওটিটি প্ল্যাটফর্ম চালু করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলেন, বাংলাদেশিদের কাছে ক্রিকেট শুধু একটি খেলা নয়; এটি আবেগ, ভালোবাসা ও ঐক্যের বন্ধন। ক্রিকেটের মাধ্যমে হাজার মাইল দূরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের একত্র করা এবং তাদের মধ্যে দেশীয় পরিচয়, গর্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা সম্ভব।

বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি বলেন, ৩০টি দেশকে সম্পৃক্ত করে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ প্রশংসনীয়। এ আয়োজন ধারাবাহিকভাবে পরিচালনার পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে সংশ্লিষ্ট সবাই একসঙ্গে কাজ করলে তা ইতিবাচক ভূমিকা রাখবে।

সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম বলেন, এ ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্ট প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্রিকেট সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি বিশ্বপরিসরে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করবে।

সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর দেশের অর্থনীতি অনেকাংশে নির্ভরশীল। জুলাই আন্দোলনেও প্রবাসীদের অবদান দেখা গেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি এ আয়োজনের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের জান্নাতুল সুমনা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক রফিকুল ইসলাম বাবু, এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপের উপদেষ্টা আফজাল হোসেন ও বেলাল উদ্দিন তুহিন, ক্রীড়া সংগঠক মাসুম ভূঁইয়া, ক্রীড়াবিদ শরিফুল হক শিপন, আন্তর্জাতিক ক্রীড়া সংগঠক রিমন ইসলাম এবং পিটুপি গ্রুপের চেয়ারম্যান এস এম মোস্তাফিজুর রহমান। এ সময় বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

আয়োজকদের তথ্যমতে, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যুক্ত করা এবং ক্রিকেটের মাধ্যমে বিভিন্ন দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বন্ধন জোরদার করাই এ টুর্নামেন্টের অন্যতম লক্ষ্য।

প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের ৩০টি দেশের ক্রিকেট ক্লাব অংশ নেওয়ার কথা রয়েছে। তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, চীন, মালয়েশিয়া, ওমান, কানাডা, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, ইতালি, সৌদি আরব, কুয়েত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, স্কটল্যান্ড, জার্মানি, সিঙ্গাপুর, মালদ্বীপ, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও জাপানসহ বিভিন্ন দেশের ক্লাব।

আয়োজকদের ঘোষণা অনুযায়ী, এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭-এর ম্যাচ অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জাপান, বাংলাদেশ, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মালয়েশিয়ায় আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581