খুলনা প্রতিনিধি
দেশের তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরি করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এর দ্বিতীয় আসর শুরু হচ্ছে আগামী ৫ নভেম্বর। এদিন খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এ আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দ্বিতীয় আসরে অংশ নিতে ইতোমধ্যে অনলাইনে নিবন্ধন করেছেন প্রায় ১৬ লাখ ২৩ হাজার খেলোয়াড়। প্রথম আসরে এ সংখ্যা ছিল মাত্র এক লাখ ৬৮ হাজার। নিবন্ধিত খেলোয়াড়দের মধ্য থেকে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হবে। এর মাধ্যমে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ এ আসরে অংশ নেবেন। আগামী বছরের মে বা জুন মাসে প্রতিযোগিতার ফাইনাল পর্ব শেষ করার আশা করছে আয়োজক কর্তৃপক্ষ।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এর দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে তিনি স্টেডিয়াম পরিদর্শন করেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরি করাই ‘নতুন কুঁড়ি’র মূল লক্ষ্য। প্রথম আসরে বিজয়ী অনেক ক্রীড়াবিদ বর্তমানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রশিক্ষণ নিচ্ছেন। সরকার তাদের হারিয়ে যেতে দিতে চায় না। বরং প্রতিষ্ঠিত খেলোয়াড় হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের পড়াশোনার দায়িত্বও সরকার বহন করবে।
তিনি বলেন, ‘নতুন কুঁড়ি’র আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে আমূল পরিবর্তন আনবে। খেলাধুলার মাধ্যমে সমাজব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন সম্ভব। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, বিদ্যমান সামাজিক ব্যবস্থার পরিবর্তনে বর্তমান প্রজন্মকে ক্রীড়াঙ্গনের দিকে ধাবিত করা প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
খুলনা জেলা স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ স্টেডিয়ামে রূপ দেওয়ার পরিকল্পনার কথাও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, আগামী জানুয়ারি থেকে প্রণীত ক্রীড়া ক্যালেন্ডার অনুযায়ী খুলনা জেলা স্টেডিয়াম, বিভাগীয় স্টেডিয়াম ও বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সারা বছর খেলাধুলা চলবে।
স্টেডিয়াম পরিদর্শনকালে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক হুরে জান্নাত, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী খুলনা বিভাগীয় স্টেডিয়াম, বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এবং বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেন।
পরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খানের সভাপতিত্বে সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

