নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনার খানজাহান আলী থানাধীন যোগীপোল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধুফ্যাক্টরী মোড়ে শিশু নির্যাতন ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মধুফ্যাক্টরী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সভায় ‘শিশুদের রক্ষা করুন, মাদককে না বলুন’ স্লোগানকে সামনে রেখে শিশু নির্যাতন প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় বক্তারা বলেন, শিশু নির্যাতন ও মাদকের বিস্তার সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর নেতিবাচক প্রভাব শিশু-কিশোর ও যুবসমাজের ভবিষ্যৎকে বিপন্ন করছে। একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। শিশু নির্যাতন ও মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
বক্তারা দলমত-নির্বিশেষে শিশু নির্যাতন ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে নিজ নিজ এলাকায় মাদক ব্যবসায়ী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, যোগীপোল ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু এবং যোগীপোল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ তৈয়েবুর রহমান। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।
সভা থেকে শিশু নির্যাতন প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

