আন্তর্জাতিক ডেস্ক
ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল মোহসেন রেজায়ির সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান পাকিস্তানের সিনেটর সেহর কামরান। তাঁর মতে, এ বৈঠক আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সংলাপের মাধ্যমে সমাধানে পৌঁছানোর বিষয়ে অভিন্ন উপলব্ধির প্রতিফলন।
সেহর কামরান বলেন, টেকসই আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য বাইরের শক্তির চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের পরিবর্তে সংশ্লিষ্ট দেশগুলোর নিজেদের মধ্যে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে সমাধান খুঁজে বের করা জরুরি।
তিনি আরও বলেন, ইরানের সঙ্গে গঠনমূলক আলোচনা সৌদি আরবের নিরাপত্তার জন্য বিদ্যমান হুমকি মোকাবিলায় সহায়ক হতে পারে। একই সঙ্গে বাব আল-মান্দেব থেকে হরমুজ প্রণালি পর্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর ঝুঁকি কমাতেও এ ধরনের আলোচনা ভূমিকা রাখতে পারে। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দামও বাড়ছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা এবং ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সৌদি আরবে চলমান হামলা নিয়ে আলোচনার অংশ হিসেবে গত সপ্তাহে তেহরান সফর করেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। এরপর আবারও ইরানের রাজধানীতে গেছেন তিনি।
এবারের সফরে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে আলোচনা করছেন পাকিস্তানের সেনাপ্রধান। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক এবং সৌদি আরবের নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়গুলো এ কূটনৈতিক তৎপরতার গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হিসেবে বিবেচিত হচ্ছে।

