খুলনা ব্যুরো:
ক্রমবর্ধমান তাপদাহ ও এর ফলে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি, কার্যকর পদক্ষেপ এবং জরুরি সাড়াদানের সক্ষমতা বাড়াতে খুলনায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS)-এর উদ্যোগে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
‘Training on Heat Health Preparedness, Anticipatory Action and Response’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকাল ১১টায় খুলনা মহানগরীর CSS Ava Center-এ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিটের উদ্যোগে এবং Danish Red Cross-এর সার্বিক সহযোগিতায় কর্মশালাটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান কে এম আশরাফু আলম নান্নু-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটের সাধারণ সম্পাদক এস এ রহমান বাবুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের নির্বাহী কমিটির সদস্য এম এ মান্নান বাবলু, মোঃ রাজীব হুমায়ুন রাজু ও শেখ ফারুক; প্রোগ্রাম ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম; সিইএ ম্যানেজার মোঃ আমিরুল ইসলাম; প্রজেক্ট অফিসার মোঃ নাজমুল হক; আজীবন সদস্য রোটারিয়ান শফিকুর রহমান তুহিন; ইউনিট লেভেল অফিসার মোঃ তরিকুল ইসলাম এবং সিটি ইউনিটের সাবেক যুব প্রধান ও সিইএ প্রশিক্ষক রুনা আক্তার লতা।
প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিটের ২০ জন যুব সদস্য অংশগ্রহণ করছেন।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি ও তাপদাহের প্রবণতা ক্রমেই মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলছে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, শ্রমজীবী মানুষ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর তাপদাহের প্রভাব তুলনামূলকভাবে বেশি। এ পরিস্থিতিতে তাপদাহজনিত স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনের সময় দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা তৈরি করাই এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য।
তিন দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের তাপদাহের স্বাস্থ্যঝুঁকি চিহ্নিতকরণ, ঝুঁকি কমাতে আগাম কার্যক্রম গ্রহণ, প্রস্তুতি পরিকল্পনা এবং দুর্যোগকালীন কার্যকর সাড়াদান বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদান করা হবে।
প্রশিক্ষণের মাধ্যমে রেড ক্রিসেন্টের যুব সদস্যদের তাপদাহ মোকাবিলায় আরও দক্ষ ও প্রস্তুত মানবসম্পদ হিসেবে গড়ে তোলার পাশাপাশি স্থানীয় পর্যায়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

