খুলনা প্রতিনিধি
খুলনা নগরীর মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে দুই দিনব্যাপী অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে নগরীর গোয়ালখালী এলাকা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানটি জোড়া গেট পর্যন্ত পরিচালনা করা হচ্ছে।
সওজের খুলনা বিভাগ-১-এর উদ্যোগে পরিচালিত এ অভিযান সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলার কথা রয়েছে। মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা অপসারণ এবং সড়কের জায়গা দখলমুক্ত করাই এ অভিযানের মূল লক্ষ্য।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কার্যক্রম তদারকি করছেন। এ সময় খুলনা সড়ক ও জনপথ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. তানিমুল হক, উপবিভাগীয় প্রকৌশলী সাগর সৈকত ও মো. শফিকুল ইসলাম হাওলাদার এবং উপসহকারী প্রকৌশলী মাধুরী সুলতানা, মো. নাজমুল হক ও মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
এ ছাড়া অভিযান সুষ্ঠুভাবে পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই দিনব্যাপী এ অভিযানের মাধ্যমে মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা অপসারণ করে সড়কের জায়গা দখলমুক্ত করার কার্যক্রম চালানো হবে।

