রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
খেলাধুলা

মিরপুর টেস্টের প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২০৭, সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনটা সেঞ্চুরির আক্ষেপ নিয়ে শেষ করল বাংলাদেশ। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থাকতে দিন শেষ করতে হয়েছে বাঁহাতি ওপেনার সাদমান ইসলামকে। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ হয়ে যাওয়ায় অপেক্ষা বেড়েছে তাঁর শতকের।

বৃহস্পতিবার প্রথম দিনের খেলা বন্ধ হওয়ার আগে ৭৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২০৭ রান। সাদমান ৯৯ রানে অপরাজিত থাকেন। অন্য প্রান্তে লিটন কুমার দাস অপরাজিত ছিলেন ১০ রানে।

দিনের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। আগের দিন অনুশীলনে পাওয়া চোটের কারণে একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। প্রায় দুই বছর পর তাঁকে ছাড়াই টেস্ট খেলতে নামে বাংলাদেশ। মুশফিকের পরিবর্তে একাদশে সুযোগ পান তাওহিদ হৃদয়।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি স্বাগতিকরা। ইনিংসের সপ্তম ওভারে জেডেন সিলসের বলে খোঁচা দিতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দেন তানজিদ হাসান তামিম। শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

তবে সেই চাপ সামলে নেন সাদমান ও মুমিনুল হক। দুজনের ব্যাটে গড়ে ওঠে ৫৯ রানের জুটি। এরপর জোমেল ওয়ারিকানের বলে ক্রিজ ছেড়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মুমিনুল। তাঁর ব্যাট থেকে আসে ২৮ রান।

প্রথম সেশনে আর কোনো উইকেট হারাতে দেননি সাদমান ও নাজমুল হোসেন শান্ত। মধ্যাহ্নবিরতির পর ব্যাটিংয়ে নেমে টেস্ট ক্যারিয়ারের দশম অর্ধশতক পূর্ণ করেন সাদমান।

তবে বেশিক্ষণ টিকতে পারেননি শান্ত। ওয়ারিকানের ফুল লেংথের বলে প্যাডল সুইপ করতে গিয়ে ব্যাটে-বলে সংযোগ ঘটাতে ব্যর্থ হন তিনি। বল প্যাডে লাগার পর ওয়েস্ট ইন্ডিজের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউ নিয়ে শান্তকে ফিরিয়ে দেয় সফরকারীরা। ৪২ বলে ১৯ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

১১০ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন সাদমান ও তাওহিদ হৃদয়। দুজনের ব্যাটে দ্বিতীয় সেশনে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। মুশফিকের অনুপস্থিতিতে সুযোগ পাওয়া হৃদয়ও তুলে ধরেন নিজের সামর্থ্য। তাঁর ব্যাটিংয়ে জেগেছিল অর্ধশতকের সম্ভাবনা।

তবে চা-বিরতির পর আবারও চোটের ধাক্কা খায় বাংলাদেশ। সেশনের অষ্টম ওভারে রস্টন চেইসের বলে স্কয়ার কাট করে সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেন হৃদয়। এ সময় বাঁ পায়ের হাঁটুর নিচের পেশিতে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। প্রাথমিক শুশ্রূষা নেওয়ার পরও উঠে দাঁড়াতে না পারায় মাঠে আনা হয় স্ট্রেচার। সেটিতে চড়েই মাঠ ছাড়েন এই ব্যাটার।

বিদায়ের আগে ৮৪ বলে ৪২ রান করেন হৃদয়। সাদমানের সঙ্গে তাঁর তৃতীয় উইকেট জুটিতে যোগ হয় ৮৮ রান।

এরপর ক্রিজে আসেন লিটন কুমার দাস। তাঁকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে সেঞ্চুরির দিকে এগিয়ে যেতে থাকেন সাদমান। তবে দিনের শেষ ভাগে বাধা হয়ে দাঁড়ায় আলো।

৭০ ওভার শেষে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়। প্রায় ৫৩ মিনিট পর আবার খেলা শুরু হলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি। তখন ৯৬ রানে অপরাজিত ছিলেন সাদমান। পরের চার ওভারে আরও তিন রান যোগ করে সেঞ্চুরির আরও কাছে পৌঁছান তিনি।

কিন্তু আবারও আলো কমে যাওয়ায় বন্ধ হয়ে যায় খেলা। শেষ পর্যন্ত আর মাঠে নামা হয়নি দুই দলের। ফলে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থেকেই ড্রেসিংরুমে ফিরতে হয় সাদমানকে।

সাদমানের সামনে এখন অপেক্ষা দিনের শুরুতে নতুন করে ব্যাট হাতে নামার এবং শতক পূর্ণ করার। গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের ক্যারিয়ারের শততম টেস্টে প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। পরদিন সকালে সেঞ্চুরি পূর্ণ করে শততম টেস্টে শতকের বিরল কীর্তি গড়েছিলেন তিনি। এবার সাদমানের সামনেও অপেক্ষা করছে একই রকম স্মরণীয় এক মাইলফলকের হাতছানি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581