রাজনীতি ডেস্ক:
বিএনপির বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দলটিকে দেশের জনগণের জন্য ‘গলার কাঁটা’ হিসেবে উল্লেখ করে বলেছেন, সময় থাকতে এই কাঁটা সরিয়ে না ফেললে ভবিষ্যতে এর ক্ষত পুরো জাতিকে বহন করতে হতে পারে।
বুধবার (১২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
পোস্টে তিনি বলেন, বিএনপি এখন জনগণের জন্য যে ‘কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে, সেটি গভীরভাবে বিঁধে যাওয়ার আগেই সরিয়ে ফেলা প্রয়োজন। তা না হলে এর প্রভাব দীর্ঘমেয়াদে দেশের রাজনীতি ও জনগণের ওপর পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বিএনপিকে আরও সময় দেওয়ার পক্ষে যারা মত দিচ্ছেন, তাদের সঙ্গেও একমত নন বলে জানান এনসিপির এই নেতা। তার ভাষ্য, গণঅভ্যুত্থানের পর থেকেই বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড ও চরিত্র সম্পর্কে যথেষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। তাই মাত্র পাঁচ মাস হয়েছে—এমন যুক্তিতে দলটিকে আরও সময় দেওয়ার সুযোগ নেই বলে মনে করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিযোগ, বিএনপির রাজনীতিতে আওয়ামী লীগ ও ভারতনির্ভরতার পুরোনো ধারার পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি হয়েছে। এ ধরনের রাজনীতি দেশের সার্বভৌমত্বের প্রশ্নে উদ্বেগ বাড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তিনি শিক্ষা, অর্থ, স্বাস্থ্য ও জ্বালানি খাতের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও সমালোচনা করেন। তার দাবি, সরকারের বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ ক্রমেই মানুষের মধ্যে বাড়ছে।
একই সঙ্গে দেশে নতুন করে ‘জঙ্গি নাটক’-এর আশঙ্কা, পার্বত্য অঞ্চলে অস্থিরতা এবং সম্ভাব্য খাদ্যসংকটের প্রসঙ্গ তুলে ধরে সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বিএনপির বর্তমান নেতৃত্ব ও রাজনৈতিক কাঠামো নিয়েও সরাসরি প্রশ্ন তোলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেন, বর্তমান বিএনপি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি কিংবা খালেদা জিয়ার সময়কার বিএনপির সঙ্গে এক নয়। বরং দলটি ক্রমে ‘মাফিয়া-গোষ্ঠীনির্ভর রাজনৈতিক কাঠামোতে’ পরিণত হচ্ছে এমন অভিযোগ ও আশঙ্কা জনমনে জায়গা করে নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
নিজের বক্তব্যের উপসংহারে পাটওয়ারী রাজনৈতিক সংকটকে ‘ক্ষত’-এর সঙ্গে তুলনা করেন। তার মতে, ক্ষত ছোট থাকতেই চিকিৎসা করা প্রয়োজন; তা গভীর হয়ে গেলে এর বোঝা কেবল একটি রাজনৈতিক দলকে নয়, পুরো জাতিকে দীর্ঘ সময় বহন করতে হতে পারে।
তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ, দেশের সার্বভৌমত্ব এবং জনগণের ভবিষ্যৎ বিবেচনায় সময় থাকতেই এই ‘রাজনৈতিক গলার কাঁটা’ সরিয়ে ফেলা জরুরি।

