বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনায় নানা আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস অনুষ্ঠিত

খুলনা ব্যুরো:

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং সবুজ অর্থনীতিতে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বানের মধ্য দিয়ে খুলনায় পালিত হয়েছে আন্তর্জাতিক যুব দিবস-২০২৬। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’ সামনে রেখে আলোচনা সভা, অংশগ্রহণমূলক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে খুলনা মহানগরীর গল্লামারীতে এসওএস চিলড্রেন’স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ-এর জাগরণ প্রজেক্ট, চিলড্রেন’স ভিলেজ ও ইয়ুথ হাউজ, খুলনার যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ কর্মসংস্থান ও জীবনযাত্রায়। তাই জলবায়ু সহনশীল উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি তরুণদের দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বের সুযোগ তৈরি করা জরুরি। একই সঙ্গে পরিবেশবান্ধব কর্মসংস্থানকে ভবিষ্যতের অর্থনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মিহির লাল সরদার। সেমিনার বক্তা হিসেবে বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের খুলনা সদর উপজেলা ইউনিটের থানা যুব উন্নয়ন কর্মকর্তা এস.কে. মাহবুব রহমান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসওএস চিলড্রেন’স ভিলেজের সহকারী পরিচালক ও ফ্যামিলি লাইক কেয়ারের ইনচার্জ তানভীর আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসওএস চিলড্রেন’স ভিলেজ খুলনার জাগরণ প্রজেক্টের অফিসার মো. মেহেদী হাসান।

শুরুতে স্বাগত বক্তব্য দেন এসওএস চিলড্রেন’স ভিলেজ খুলনার সিনিয়র অফিসার-প্রোগ্রাম শেখ তাজমুল হাসান। এছাড়া অংশগ্রহণকারী যুবদের পক্ষ থেকে বক্তব্য দেন সুমাইয়া আকতার ও মেহেদী হাসান।

অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন ও ভবিষ্যতের কর্মসংস্থানের মধ্যে সম্পর্ক তুলে ধরেন বিল্ড বেটার লিমিটেড, ডুমুরিয়া, খুলনার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেদোয়ান ভুঁইয়া। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তরুণদের শুধু সচেতন নাগরিক হিসেবে নয়, বরং পরিবর্তনের সক্রিয় অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে। পরিবেশবান্ধব উদ্যোগ, সবুজ অর্থনীতি ও নতুন কর্মক্ষেত্র তৈরিতে তরুণদের দক্ষতা কাজে লাগানোর সুযোগ বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন।

অনুষ্ঠানে খুলনা ও বাগেরহাট জেলার যুব উন্নয়ন অধিদপ্তরে নিবন্ধিত ১০টি যুব-নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ প্রায় ৮০ জন তরুণ অংশ নেন। অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল আপস ইয়ুথ অর্গানাইজেশন, আরিয়ান যুব ফাউন্ডেশন, পথ ফাউন্ডেশন ইয়ুথ, টুওয়ার্ডস সাসটেইনেবিলিটি, ক্লাইমেট এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সিওয়াইডিও), প্রান্তজ যুব সংঘ এবং জাগ্রত ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (জেওয়াইডিও)।

আলোচনা পর্ব শেষে তরুণদের জ্ঞান ও অংশগ্রহণমূলক দক্ষতা যাচাইয়ে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। এসওএস চিলড্রেন’স ভিলেজ খুলনার জাগরণ প্রজেক্টের এ্যাসিসটেন্ট প্রজেক্ট অফিসার মো. তাওহীদ-উল-ইসলামের পরিচালনায় আয়োজিত এ কুইজে যুব নেতৃত্ব, যুব ক্ষমতায়ন, কর্মসংস্থান, সবুজ অর্থনীতি, জলবায়ু পরিবর্তনসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়।

প্রতিযোগিতা শেষে তিনজন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকদের মতে, আন্তর্জাতিক যুব দিবসের এ আয়োজনের মূল লক্ষ্য ছিল তরুণদের মধ্যে জলবায়ু পরিবর্তন, কর্মসংস্থান ও নেতৃত্ব বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের নিজেদের উদ্যোগে সামাজিক ও পরিবেশগত পরিবর্তনে ভূমিকা রাখার সুযোগ তৈরি করা। আলোচনায় অংশ নেওয়া তরুণদের মধ্যে ভবিষ্যৎ নেতৃত্ব, স্বেচ্ছাসেবী কার্যক্রম ও জলবায়ুবান্ধব উদ্যোগে সক্রিয় হওয়ার প্রত্যয়ও উঠে আসে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493