খুলনা প্রতিনিধি:
দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে খুলনা মহানগর বিএনপি। দলটির নেতারা বলেছেন, স্বাধীনতা ও সাম্প্রতিক গণআন্দোলনের চেতনা ধারণ করে সব ধরনের গুজব, উসকানি ও অন্তর্ঘাতমূলক তৎপরতা মোকাবিলা করতে হবে।
মহানগর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাত দিনের কর্মসূচি চূড়ান্ত করতে আয়োজিত এক যৌথ প্রস্তুতি সভায় নেতারা এসব কথা বলেন। শুক্রবার বিকেল ৫টায় মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা অভিযোগ করেন, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও পতিত স্বৈরাচারের সহযোগীরা সক্রিয় রয়েছে। তারা সরকারের বিভিন্ন কার্যক্রমে প্রতিবন্ধকতা তৈরির পাশাপাশি নানা অপপ্রচার ও উসকানির মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন নেতারা।
তাদের মতে, বাংলাদেশ বর্তমানে একটি সম্ভাবনাময় ও বৈষম্যহীন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে রাজনৈতিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিকভাবে ষড়যন্ত্র মোকাবিলা করে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন।
সভায় মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে সাত দিনের কর্মসূচি
সভায় সর্বসম্মতিক্রমে মহানগর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাত দিনের কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ১ সেপ্টেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোকসজ্জা।
একই দিন বেলা ১১টায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল এবং বিকেল ৩টায় জিয়া হল চত্বর থেকে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের করা হবে।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ওয়ার্ডভিত্তিক বৃক্ষরোপণ, প্রতিটি থানায় আলোচনা সভা এবং দল প্রতিষ্ঠার পর থেকে মৃত্যুবরণকারী নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচিও রাখা হয়েছে।
আরও কয়েকটি বিষয়ে ক্ষোভ
সভায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামানের বক্তব্যের সমালোচনা করে নেতারা ক্ষোভ ও নিন্দা জানান।
এ ছাড়া ফ্যামিলি কার্ড প্রদানের জন্য খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভিযোগ নিয়েও সভায় অসন্তোষ প্রকাশ করা হয়। দ্রুত বিষয়টি সংশোধন করে যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়ার আহ্বান জানানো হয়।
সভা শেষে অসুস্থ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা অ্যাডভোকেট মশিউর রহমান নান্নু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাজিম বিশ্বাস এবং মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেনের ছেলে নাহিয়ান চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করা হয়।
সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, শ্রমিক দল, মহিলা দল, ছাত্রদল ও ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

