খুলনা ব্যুরো:
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরীর খুলনা সফরকে কেন্দ্র করে জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান খুলনা জেলা বিএনপির নেতারা।
রোববার (১৬ আগস্ট) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী।
এ সময় নিতাই রায় চৌধুরী বিএনপির তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় জোরদারের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান তিনি।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন কেডিএ চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, জেলা বিএনপির সদস্য আশরাফুল ইসলাম নূর, নগর বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব রকিবুল ইসলাম মতি, বিএনপি নেতা জিএম হারুন অর রশীদসহ দলীয় নেতৃবৃন্দ।
সাক্ষাৎ ও মতবিনিময়কালে খুলনার রাজনৈতিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

