খুলনা প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ-এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন। সোমবার (১৭ আগস্ট) সকালে খুলনা মহানগরীর হাজী মুহসিন রোডের সাউথ সেন্ট্রাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে একমাত্র মেয়ে আড়িশাকে কোচিংয়ে পৌঁছে দিয়ে মোটরসাইকেলে করে রূপসার নিজ বাড়িতে ফিরছিলেন সাংবাদিক নেতা শাওন। এ সময় সাউথ সেন্ট্রাল মোড়ে একটি দ্রুতগতির রিকশা ওভারটেক করার চেষ্টা করলে মোটরসাইকেলটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়।
দুর্ঘটনায় শাওনের ডান পায়ে আঘাত লাগে। পরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে তাকে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন বলে জানা গেছে।
এদিকে সাংবাদিক নেতা এহতেশামুল হক শাওনের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে), খুলনা এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে সাংবাদিক নেতারা দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, খুলনা মহানগরীর বিভিন্ন সড়কে বেপরোয়া গতিতে রিকশা চলাচলের কারণে প্রতিনিয়ত ঝুঁকি বাড়ছে। সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এর শিকার হচ্ছেন। সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর নজরদারি এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, আকস্মিক এই দুর্ঘটনায় তারা মর্মাহত ও উদ্বিগ্ন। সাংবাদিক নেতা এহতেশামুল হক শাওনের দ্রুত আরোগ্য কামনা করে তার পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তারা।

