নিজেস্ব প্রতিবেদক:
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের ঢাকার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা এবং নাশকতার প্রস্তুতির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন আসামিদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ ১৪ আসামিকে তিন দিন এবং একজনকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে মো. ইয়াকুব হোসাইন রাজিব, আরাফাত মিয়া, রিফাত হাওলাদার, হৃদয় হাসান, ফাহিম, রাজিব হোসেন রানা, মো. ফিরোজ, মো. আরিফ, মো. ওমর ফারুক, আব্দুল্লাহ আল আমান, সোহানুর হোসেন শাহিন, মো. হাসিব ও হাসিব মিয়াকে। অপর আসামি ফারজানাকে এক দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বাসায় নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা জড়ো হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং রাষ্ট্রীয় অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র করছিলেন।
পুলিশের ভাষ্য, খবর পেয়ে ওই বাসায় অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়। এ সময় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২২ জন পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ওই বাসায় তল্লাশি চালিয়ে স্বেচ্ছাসেবক লীগের বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিরা ইউনিয়ন কমিটির পদপ্রার্থী ২০ জনের নাম ও জীবনবৃত্তান্তসংবলিত ২০টি পাতা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের নিষিদ্ধ ছাত্রলীগের উত্তরা পশ্চিম থানা শাখার সদস্য বলে পুলিশের কাছে স্বীকার করেছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন করার উদ্দেশ্যে সেখানে একত্রিত হয়েছিলেন।
শওকত হাচানুর রহমান রিমন বরগুনা-২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি নিরুদ্দেশ রয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ছিল ২৮ সেপ্টেম্বর। গণ-অভ্যুত্থানের পর তিনি ভারতে অবস্থান করছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে।

