আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি চেকপোস্টে আত্মঘাতী হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জন। শনিবার প্রদেশটির ডেরা ইসমাইল খান জেলায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
প্রাদেশিক জরুরি সেবা বিভাগের মুখপাত্র বিলাল ফাইজি জানান, সড়কের পাশে থাকা পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে হামলা চালায় এক আত্মঘাতী হামলাকারী।
হামলার পর নিহত ও আহতদের উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্মকর্তারা।
হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। এক বিবৃতিতে সংগঠনটি হামলার দায় স্বীকার করে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সশস্ত্র হামলার ঘটনা বেড়েছে। এসব হামলার বেশ কয়েকটির দায় স্বীকার করেছে টিটিপি এবং নিষিদ্ধ বালুচ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। প্রতিবেশী বালুচিস্তান প্রদেশে মূলত সক্রিয় বিএলএ পাকিস্তান থেকে বিচ্ছিন্নতার দাবি করে আসছে।
টিটিপি আফগান তালেবান থেকে পৃথক একটি সংগঠন হলেও তাদের মধ্যে মিত্রতা রয়েছে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে টিটিপিকে ঘিরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে।
পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানের মাটিতে টিটিপি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হচ্ছে। তবে আফগানিস্তানের তালেবান সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

