আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর এটিই তার প্রথম প্রকাশ্য বার্তা বলে জানা গেছে।
সম্প্রতি দেওয়া এক বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, ‘বীর যোদ্ধাদের’ হামলায় মার্কিন বাহিনী এখন আর আরব সাগরের বাইরে আসার সাহস পাচ্ছে না। খুব শিগগির আরব সাগরও মার্কিন উপস্থিতি থেকে সম্পূর্ণ মুক্ত হবে বলে দাবি করেন তিনি।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মার্চে মোজতবা খামেনি দেশটির নতুন সর্বোচ্চ নেতা হন। ওই হামলায় মোজতবা খামেনিও গুরুতর আহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হলেও এরপর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি।
এদিকে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসানে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে কাতার। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে ইরান সাত দফা শান্তি প্রস্তাব দিয়েছে। প্রস্তাবের বিনিময়ে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে তেহরান সম্মত হতে পারে বলে জানা গেছে।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এর মধ্যেও চলতি সপ্তাহে দুই পক্ষের মধ্যে নতুন করে আলোচনা হতে পারে বলে কূটনৈতিক মহলে প্রত্যাশা রয়েছে।

