ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে র্যাবের অভিযানে একটি কাভার্ড ভ্যান থেকে ১,৬৫২ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শাহিন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৬। উদ্ধার হওয়া মাদকের মধ্যে ১,০৬২ বোতল স্কাফ ও ৫৯০ বোতল ফেয়ারডিল রয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতের দিকে ঝিনাইদহ সদর থানার হামদহ বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। বুধবার (১৯ আগস্ট) দুপুরে র্যাব-৬-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল হামদহ বাইপাস মোড়ে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের সন্ধান পাওয়া যায়। এ সময় মাদক বহনের অভিযোগে কাভার্ড ভ্যানের সঙ্গে শাহিনকে আটক করা হয়।
গ্রেপ্তার শাহিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার জয়কালিপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে বলে জানিয়েছে র্যাব।
অভিযান শেষে উদ্ধার করা মাদক ও কাভার্ড ভ্যানসহ শাহিনকে ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র্যাব-৬-এর পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন বলেন, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।

