ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে গরু চুরির অভিযোগে দুই সন্দেহভাজনকে গণপিটুনির ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় অপর সন্দেহভাজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার বাদুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে বাদুরগাছা গ্রামের বিধবা নিলুফার ইয়াসমিনের বাড়িতে কয়েকজন ব্যক্তি গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে সন্দেহভাজনদের ধাওয়া করে খোঁজাখুঁজির একপর্যায়ে দুজনকে আটক করেন গ্রামবাসী।
এরপর উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপর ব্যক্তি গুরুতর আহত হন। তবে নিহত ও আহত—দুজনেরই পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, কোনো অভিযোগ বা সন্দেহের ভিত্তিতে আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, গরু চুরির অভিযোগের সূত্রপাত, গণপিটুনির সঙ্গে কারা জড়িত এবং নিহত ও আহত ব্যক্তির প্রকৃত পরিচয সব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

