খুলনা প্রতিনিধি:
নবীনদের স্বাগত, র্যাগিং ও হয়রানিমুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয় এবং একটি শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অঙ্গীকারে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে অরিয়েন্টেশন প্রোগ্রাম।
গত ২০ আগস্ট বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীরা নবীনদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের বিশ্ববিদ্যালয় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন এবং যেকোনো যৌক্তিক প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে ছাত্রদল নেতা মুশফিকুর রহমান বলেন, “আমরা চাই খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় একটি সম্পূর্ণ র্যাগিংমুক্ত ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে উঠুক। কোনো নবীন শিক্ষার্থী যেন র্যাগিং বা হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
তিনি আরও বলেন, বর্তমান ভাইস চ্যান্সেলরের স্বপ্নের ক্যাম্পাস বাস্তবায়নে শিক্ষার্থীদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা এবং একটি সুন্দর ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের গঠনমূলক উদ্যোগের পাশে থাকার কথাও জানান তিনি।
ছাত্রদল নেতা আসিফ হোসেন বলেন, নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটা আনন্দময় ও নিরাপদ করে তোলার লক্ষ্যেই এ আয়োজন।
তিনি বলেন, “সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক গড়ে উঠলে একটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সামাজিক পরিবেশ আরও সমৃদ্ধ হয়। আমরা নবীন শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করব।”
এ সময় ছাত্রদল নেতা সোহেল রানা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শ তুলে ধরে বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক স্বনির্ভরতা, কৃষি ও গ্রামীণ উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার এবং জাতীয় ঐক্যের আদর্শ ধারণ করে তরুণ প্রজন্মকে এগিয়ে যেতে হবে।
ছাত্রদল নেতা নূর মোহাম্মদ হৃদয় বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সময়। তাই নবীন শিক্ষার্থীরা যেন একটি নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশে পড়াশোনা করতে পারে, সেটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”
তিনি শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
অরিয়েন্টেশন অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরাও নিজেদের অনুভূতি, প্রত্যাশা ও বিশ্ববিদ্যালয় নিয়ে স্বপ্নের কথা তুলে ধরেন। তারা গান পরিবেশনসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। একই সঙ্গে একটি সুন্দর, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবীন শিক্ষার্থীরা বর্তমান ভাইস চ্যান্সেলরের স্বপ্নের ক্যাম্পাস বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সোহেল রানা, মুসাফির ইমরান, সাদমানুর রহমান রকি, মুশফিকুর রহমান, খালেকুজ্জামান, আহসান হাবিব, সাজিদ, নাজিউর গাজী, রাজু, অন্তর, নাহিদ, সৌরভ, রাশেদ ও কুশয়সহ অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা পৃথকভাবে বক্তব্য দেন এবং নবীন শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বর্তমান ভাইস চ্যান্সেলরের ইতিবাচক উদ্যোগের সঙ্গে থাকার আশাবাদ ব্যক্ত করেন তারা।
বক্তারা নবীন শিক্ষার্থীদের শুধু একাডেমিক পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বানই জানাননি, বরং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, সৌন্দর্য ও ইতিবাচক পরিবেশ বজায় রাখতেও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সব মিলিয়ে নবীন ও সিনিয়র শিক্ষার্থীদের অংশগ্রহণে অরিয়েন্টেশন অনুষ্ঠানটি পরিণত হয়েছিল পরিচয়, সৌহার্দ্য, প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনার এক প্রাণবন্ত মিলনমেলায়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী নবীন শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীরা ফটোসেশনে অংশ নেন।

