বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে অভিযান চালিয়ে আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তন করা ৫৯টি চোরাই মুঠোফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মোবাইল চুরি ও আইএমইআই নম্বর পরিবর্তন চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিটে ফকিরহাট সদর এলাকায় রেজাউর রহমান পলাশের মালিকানাধীন ‘পুষ্প টেলিকম’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে এসব মুঠোফোন উদ্ধার করা হয়।
আটকরা হলেন—রেজাউর রহমান পলাশ (৩৪), মো. অহিদুল ইসলাম (২৬), চন্দন সাহা (৩০) এবং মো. হুছাইন খান (২২)। তাদের বাড়ি খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
পুলিশ সুপার জানান, প্রতিটি মুঠোফোনের একটি স্বতন্ত্র ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর থাকে, যার মাধ্যমে ফোনটি শনাক্ত করা সম্ভব। তবে সংঘবদ্ধ এই চক্রটি চোরাই মুঠোফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে তা বিক্রি বা ব্যবহারের চেষ্টা করত।
তিনি আরও জানান, অভিযানের সময় চক্রের চার সদস্যকে আটক করা হলেও তাদের সঙ্গে জড়িত আরও তিনজন পালিয়ে যায়। আটক ও পলাতক সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার করা ৫৯টি মুঠোফোনের প্রকৃত মালিকদের শনাক্ত করে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

