সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় মাদকবিরোধী অভিযানে ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার বিকেলে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পুলিশ কনস্টেবল মোস্তাইন বিল্লাহ ও কনস্টেবল নাজমুল ইসলাম। মোস্তাইন বিল্লাহ সাতক্ষীরা পুলিশে এসএফ শাখায় কর্মরত ছিলেন। এর আগে তিনি জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে দায়িত্ব পালন করেন। অপর কনস্টেবল নাজমুল ইসলাম ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাইপাস সড়ক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুই পুলিশ সদস্যকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৫৬ বোতল কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার বলেন, অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালানোর একপর্যায়ে ওই দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়। অভিযানে কোরেক্স সিরাপ উদ্ধারের পর তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কোরেক্স একটি কফ সিরাপ, যা কাশি উপশমে ব্যবহৃত হয়। তবে এতে থাকা উপাদানের কারণে এটি মাদক হিসেবে অপব্যবহারের অভিযোগ রয়েছে। বাংলাদেশে কোরেক্সের অবৈধ প্রবেশ ও মাদক হিসেবে ব্যবহারের বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে আসছে।

