খুলনা প্রতিনিধি:
খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) রদবদল করা হয়েছে। এর অংশ হিসেবে কেএমপির গোয়েন্দা শাখার (ডিবি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. লোকমান হোসেনকে খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে খুলনা থানার বর্তমান ওসি মো. শফিকুল ইসলামকে ডিবিতে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কেএমপি কমিশনার মো. সাজ্জাদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ সূত্রে জানা গেছে, জনস্বার্থে দুই কর্মকর্তার পদায়ন ও বদলির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, পুলিশ পরিদর্শক মো. লোকমান হোসেন খুলনা থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। অন্যদিকে, বর্তমান ওসি মো. শফিকুল ইসলাম ডিবি, কেএমপিতে পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন।
আদেশে পদায়ন ও বদলিকৃত কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের পাশাপাশি আদেশটি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
কেএমপি সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং জনস্বার্থে পুলিশি সেবা জোরদারের অংশ হিসেবেই এ রদবদল করা হয়েছে।

