খুলনা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি। মঙ্গলবার জাতীয় সংসদে কমিটি গঠনের প্রস্তাব কণ্ঠভোটে পাস হওয়ার পর তাকে সভাপতি করা হয়।
সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি অনুমোদিত হয়। সভাপতি হিসেবে মোহাম্মদ আলী আসগার এখন রেলপথ মন্ত্রণালয়ের কার্যক্রম, নীতি ও বিভিন্ন কর্মসূচির ওপর সংসদীয় তদারকিতে নেতৃত্ব দেবেন।
মোহাম্মদ আলী আসগার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে পরাজিত করে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
এর আগে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসন থেকেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। এছাড়া ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত এশিয়া ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আলী আসগার।
এদিকে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা জিয়া পরিষদের নেতৃবৃন্দ। পৃথক বিবৃতিতে সংগঠন দুটির নেতারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি খুলনা অঞ্চলের মানুষের স্বার্থে কার্যকর ভূমিকা রাখবেন।
একইভাবে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দও মোহাম্মদ আলী আসগারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সংগঠনটির নেতারা তার নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।
একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত সংসদে ৪৫টি স্থায়ী কমিটি গঠিত হলো। জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ১১টি বিষয়ভিত্তিক সংসদীয় কমিটি।

