খুলনা ব্যুরো:
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুব উইং জাতীয় যুবশক্তি, খুলনা জেলা শাখার উদ্যোগে ‘স্মৃতিচারণে ৩৬ জুলাই ও সাংস্কৃতিক সন্ধ্যা’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় খুলনার শিববাড়ির মোড়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তি, খুলনা জেলা শাখার সভাপতি সাজিদুল ইসলাম বাপ্পি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সেই আত্মত্যাগ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
এসময় আরও বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় সংগঠক মো. ওয়াহিদুজ্জামান, মহানগর সংগঠক আব্দুল্লাহ চৌধুরী, সাইফ নেওয়াজ, জেলা ছাত্রশক্তির তামিম হাসান লিওন, মহরম হাসান মাহিম, ছাত্রশক্তির মহানগর সভাপতি জাহিদ হাসান সোহাগ, সেক্রেটারি সাইমুম, জেলা এনসিপির আরিফুজ্জামান উজ্জ্বল ও সানজিদা আক্তার আখি, জেলা ছাত্রশক্তির লিওন ও মাহিম, জাতীয় যুবশক্তি খুলনা মহানগরের আহ্বায়ক সরদার তুহিনুজ্জামান সোহাগ, সেক্রেটারি খন্দকার হেলাল, জেলা যুবশক্তির সেক্রেটারি মো. আব্দুল্লাহ শেখ জারিফ, নারীশক্তির ইশরাত সুলতানা লামিয়া ও রোদেলা রেশমী।
বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তারা বলেন, গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানের শেষপর্বে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

