ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ, পণ্যের মান, ওজন ও পরিমাপ নিশ্চিত করতে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে আটটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, দণ্ডবিধি ১৮৬০, বিএসটিআই আইন ২০১৮, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় এসব জরিমানা করা হয়।
অভিযানে বিমল সরকারকে দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। ফারদিন মিষ্টির স্বত্বাধিকারী কে এম অহিদুল ইসলামকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮-এর ২৪ ও ৪১ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরা ঘোষের স্বত্বাধিকারী মোহাম্মদ ইয়াসিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নিউ তৃষা মিষ্টি ভান্ডারের স্বত্বাধিকারী গোবিন্দ মন্ডলকে বিএসটিআই আইন ২০১৮-এর ৩১ ধারায় ২৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া হাজি বিরিয়ানির স্বত্বাধিকারী মেহেদি শিকদারকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮-এর ৪১ ধারায় ৩ হাজার টাকা, মিষ্টি মুখের স্বত্বাধিকারী লক্ষ্মী রানী পালকে একই আইনের ৪১ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। তৃষা মিষ্টির স্বত্বাধিকারী নারায়ণ চন্দ্র ও তৃষা মিষ্টান্নের স্বত্বাধিকারী রঞ্জিত মন্ডলকে বিএসটিআই আইন ২০১৮-এর ৩০ ধারায় ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযান শেষে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস বলেন, জনস্বার্থ রক্ষা এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক মান নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ওজনে কারচুপি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ।
তিনি বলেন, অভিযানে আটটি প্রতিষ্ঠানকে বিভিন্ন ধারায় জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষের অধিকার রক্ষা ও খাদ্যে ভেজাল প্রতিরোধে ডুমুরিয়ার বিভিন্ন বাজারে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিএসটিআইয়ের প্রতিনিধি এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

