খুবি প্রতিনিধি:
পরিবেশ সুরক্ষা ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ কর্মসূচি শুরু করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাব। দুই দিনব্যাপী এ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘গিভ অ্যান্ড টেক সেশন-৪’।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
উদ্বোধনের পর উপাচার্য শিক্ষার্থীদের কাছ থেকে ব্যবহৃত প্লাস্টিকের বোতল সংগ্রহ করে তার বিনিময়ে তাদের হাতে গাছের চারা তুলে দেন। এ সময় ক্লাবের পক্ষ থেকে উপাচার্যকে একটি গাছের চারা উপহার দেওয়া হয়।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মো. নবীউল ইসলাম খান, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. গোলাম রাক্কিবু, ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন, অপরাজিতা হলের প্রভোস্ট অধ্যাপক ড. আরিফা শারমিন, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. মো. এনামুল কবীর, পরিবহন পুলের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আব্দুস সোবহান মল্লিক উপস্থিত ছিলেন।
এ ছাড়া ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের সভাপতি আসিফ মাহমুদ, সাধারণ সম্পাদক হৃদয় দেবনাথসহ ক্লাবের অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।
ক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ব্যবহৃত প্লাস্টিক বোতল সংগ্রহের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

