রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

ডুমুরিয়ায় জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের পাশে চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান জমাদ্দার

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:

টানা ভারী বর্ষণে খুলনার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। জলাবদ্ধতায় পানিবন্দি ও অসহায় পরিবারগুলোর মধ্যে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেছেন ১১ নম্বর ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান জমাদ্দার।

নিজস্ব উদ্যোগে এবং আন্দুলিয়ার ‘সোনামুখ স্মার্ট একাডেমি’র সহযোগিতায় দুর্গত এলাকায় এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিশেষ করে ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের জলমগ্ন অংশসহ বিভিন্ন পানিবন্দি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা খোদেজা বেগম বলেন, ঘরের ভেতরে এক হাঁটু পানি জমেছে। রান্না করারও কোনো উপায় নেই। কয়েক দিন ধরে শুকনো খাবার খেয়ে থাকতে হয়েছে। এ অবস্থায় খাদ্য সহায়তা পাওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন তারা।

একই এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, হঠাৎ করে চারপাশ তলিয়ে যাওয়ায় তারা কর্মহীন হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে শাহজাহান জমাদ্দার তাদের খোঁজ নিয়ে সহায়তা করায় উপকার হয়েছে।

ত্রাণ বিতরণকালে মোহাম্মদ শাহজাহান জমাদ্দার বলেন, জনসেবা কোনো পদ-পদবির ওপর নির্ভর করে না। মানুষের দুর্দিনে ঘরে বসে থাকা সম্ভব নয়। সোনামুখ স্মার্ট একাডেমিকে সঙ্গে নিয়ে নিজের সামর্থ্য অনুযায়ী পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। ডুমুরিয়াবাসীর যেকোনো প্রয়োজনে ভবিষ্যতেও পাশে থাকার কথা জানান তিনি। একই সঙ্গে সামর্থ্যবানদের দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে ইউনিয়নের কয়েকটি নিচু এলাকা ও আশ্রয়ণ প্রকল্পে পানি জমেছে। পানি দ্রুত নিষ্কাশনের জন্য স্থানীয় ড্রেনেজ ব্যবস্থা সচল রাখার কাজ চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা জোরদার করা হচ্ছে।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সবিতা সরকার বলেন, উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার খবর পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি পরিবারগুলোর তালিকা তৈরি করে সরকারি ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। ব্যক্তি ও সামাজিক সংগঠনের উদ্যোগে যারা দুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তাদেরও তিনি সাধুবাদ জানান। দ্রুত পানি নিষ্কাশনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ত্রাণ বিতরণের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সোনামুখ স্মার্ট একাডেমির শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581