নড়াইল প্রতিনিধি:
নড়াইল জেলা শহরের আদালত সড়ক এলাকা থেকে রামদা, চাপাতি ও গাছি দাসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নড়াইল আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বারে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কালিয়া উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের এস্কেন্দার শেখ (৪৫), আমিনুর শিকদার (৫৬), হাফেজ শেখ (২৫), তৈয়েবুর রহমান (৫৫), সেকেন্দার আলী (৫৮), হাসানুর রহমান (৫৫), রিয়াজুল শিকদার (২৭), আরিফুল শেখ (২২), তারেক শেখ (৩২), জুলফিকার রহমান (৪০) ও শরিফুল মোল্যা (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, একটি মামলায় হাজিরা দিতে রোববার আদালতে এসেছিলেন ওই ১১ জন। হাজিরার আগে তাঁরা আদালত চত্বরে একটি আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানা-পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে তাঁদের দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।
পুলিশ জানায়, আটকের সময় তাঁদের কাছ থেকে রামদা, চাপাতি ও গাছি দাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

