খুলনা প্রতিনিধি:
খুলনার লবণচরা থানার আশিবিঘা এলাকায় জোড়া খুনের মামলার আসামি আওয়ালের দেওয়া তথ্যে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে নগরের হরিণটানা এলাকার আল আকসা জামে মসজিদ গলির একটি বাড়ির পরিত্যক্ত রান্নাঘর থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশিবিঘা এলাকায় জোড়া খুনের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি তাঁর কাছে অস্ত্র থাকার কথা জানান। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হরিণটানা এলাকার আল আকসা জামে মসজিদ গলিতে আবদুল জালাল হাওলাদারের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
অভিযানকালে বাড়িটির পরিত্যক্ত রান্নাঘরে তুষের বস্তার পাশ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, রাতে আওয়ালের দেখানো স্থান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আওয়ালের বিরুদ্ধে লবণচরা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

