খুলনা প্রতিনিধি:
খুলনার রূপসায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমানকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাজদিয়া কলেজ মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুপ কুমার চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২ জুন সন্ধ্যায় রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিএনপির সহসভাপতি শেখ শাহিনুর রহমানকে হত্যার উদ্দেশ্যে গুলি করে দুর্বৃত্তরা। উপজেলার বিনয় মেম্বারের বাড়ির কাছে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। গুলির পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদক বিক্রি ও সেবন, অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তারা কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত বলেও অভিযোগ রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

