খুলনা প্রতিনিধি:
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি যেন রাজনৈতিক ছত্রছায়ায় আশ্রয় নিতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে কোনো সন্ত্রাসী যেন লালিত-পালিত না হয়, সেদিকেও নজর দিতে হবে।
তিনি বলেন, সরকারের সব সংস্থাকে কঠোরভাবে মানবাধিকারের পক্ষে কাজ করতে হবে। আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধীদের দমন করতে হবে। ভয়ভীতি ও হুমকির ঊর্ধ্বে থেকে মানবাধিকার সংগঠনগুলোকে নিরলসভাবে কাজ করতে হবে এবং আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
শনিবার সকালে নগরীর হোটেল গ্র্যান্ড প্লাসিডে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখা আয়োজিত ‘মানবাধিকার কর্মীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠনটি যথাযথ ভূমিকা রাখবে এবং দল-মত নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করবে বলে তিনি আশা করেন। সিটি করপোরেশন যেহেতু মানুষের কল্যাণে কাজ করে, তাই কল্যাণমূলক সব কর্মকাণ্ডে কেসিসির সহযোগিতা থাকবে।
ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধেও সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর কমিটির সভাপতি গাজী আলাউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মারুফ রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। এ সময় সংগঠনের উপদেষ্টা ডা. মঞ্জুর মোর্শেদ, ডা. সৈয়দ আবু সইদ, সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, সহসভাপতি মোহাম্মদ আরিফ, আব্দুস সালাম শিমুল, এ এম কামরুল ইসলাম, জি এম মোজাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. জিনারুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক জোদ্দার, প্রচার ও প্রকাশনা সম্পাদক একরামুল হোসেন লিপু, মহিলা বিষয়ক সম্পাদিকা আফরোজা বুলবুল, সমাজকল্যাণ সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, দপ্তর সম্পাদক অসীম কুমার বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন খান, সাংস্কৃতিক সম্পাদক বিমল মল্লিক, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান সোহেল, ধর্ম বিষয়ক সম্পাদক শায়খুল ইসলাম বিন হাসান ও শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী কামরুল ইসলাম কচিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

