খুলনা প্রতিনিধি:
অর্থ আত্মসাৎ মামলায় প্রাইম ব্যাংক খুলনা শাখার সাবেক দুই কর্মকর্তা ও এক ব্যবসায়ীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৫৬১ টাকা ২৯ পয়সা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁদের আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোহা. আদীব আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিন আসামির কেউই আদালতে উপস্থিত ছিলেন না। পরে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন খান এ সবুর রোডের মেসার্স মিংহুয়া ট্রেড ইন্টারন্যাশনাল ও সাজেদা ওয়াহাব অ্যান্ড সন্সের মালিক শেখ আবু রাশেদ, প্রাইম ব্যাংক লিমিটেডের খুলনা শাখার সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ জহিরুল হক এবং একই শাখার সাবেক ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ কাজী রবিউল ইসলাম।
আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

