দাকোপ (খুলনা) প্রতিনিধি:
খুলনার দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার সাধারণ ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান এবং জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সিনিয়র যুগ্ম সম্পাদক কে এম আশরাফুল আলম নান্নুর নিজস্ব উদ্যোগে বাজুয়া এস এন কলেজ চত্বরে দিনব্যাপী এই ক্যাম্পের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল ৯টায় সেবা প্রদান কার্যক্রম শুরু হলেও ভোর থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে সেবাগ্রহীতারা কলেজ প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেন। দিনব্যাপী চলে এই ক্যাম্প। এতে দাকোপ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারও নারী-পুরুষ চোখের বিশেষজ্ঞ চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্পে আগত রোগীদের চোখের ছানি অপারেশনসহ সব ধরনের প্রাথমিক চিকিৎসা এবং বিনামূল্যে এক মাসের প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
উপকূলীয় ও অবহেলিত অঞ্চলের মানুষের দোড়গোড়ায় এমন বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপকারভোগীরা। চিকিৎসা নিতে আসা একাধিক সাধারণ মানুষ জানান, আর্থিক অসচ্ছলতা ও দূরত্বের কারণে নিয়মিত চোখের চিকিৎসা করা সম্ভব হয় না। এক ছাদের নিচে বিনামূল্যে পরামর্শ, ওষুধ এবং অপারেশনের সুবিধা পেয়ে তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
জনসেবামূলক এই ধারাবাহিক উদ্যোগ প্রসঙ্গে আয়োজক কে এম আশরাফুল আলম নান্নু বলেন, “দাকোপের অবহেলিত ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য। এই জনপদে চিকিৎসাসেবাসহ নানা সামাজিক ও মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মূলত অবহেলিত মানুষের সেবা করে আমি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই।”
ক্যাম্পে চিকিৎসা প্রদান কার্যক্রম পরিদর্শন ও সার্বিক পরিচালনায় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

