যশোর প্রতিনিধি:
ফেসবুকে ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপনকে কেন্দ্র করে এক যুবককে যশোরে ডেকে এনে ‘হানি ট্র্যাপ’-এর ফাঁদে ফেলার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন যশোর শহরের শংকরপুর এলাকার আলোচিত রাজা এবং তার দুই সহযোগী বৃষ্টি ও জারা।
শুক্রবার রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে শনিবার (৮ আগস্ট) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সম্প্রতি নড়াইলের কালিয়া এলাকার এক যুবক ফেসবুকে একটি ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপনটি দেখে রাজা ওই যুবকের সঙ্গে যোগাযোগ করেন এবং ল্যাপটপটি বিক্রির জন্য তাকে যশোরে আসতে বলেন। কথামতো ওই যুবক ল্যাপটপ নিয়ে যশোরে এলে তাকে একটি ঘরে নিয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ।
পরে সেখানে রাজা তার দুই সহযোগী বৃষ্টি ও জারাকে ব্যবহার করে ওই যুবকের সঙ্গে আপত্তিকর ছবি তোলেন বলে অভিযোগ উঠেছে। এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে একটি মোটরসাইকেল ও ল্যাপটপ নিয়ে নেওয়া হয়। পাশাপাশি তার পরিবারের সদস্যদের ফোন করে অর্থ আদায় করা হয় বলেও অভিযোগ রয়েছে।
একপর্যায়ে ওই যুবককে ছেড়ে দেওয়া হলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে তারা তাকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর ঘটনাটির তদন্ত শুরু করেন যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন। তদন্তের ধারাবাহিকতায় শুক্রবার রাতে যশোর জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে প্রথমে রাজাকে আটক করা হয়। পরে একই অভিযান থেকে বৃষ্টি ও জারাকেও আটক করা হয়।
এসআই আল আমিন জানান, এ ঘটনায় ভুক্তভোগী যুবক থানায় মামলা করবেন। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশের ভাষ্য, আটক ব্যক্তিরা একটি চক্রের মাধ্যমে নারীদের ব্যবহার করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষকে ফাঁদে ফেলতেন। পরে আপত্তিকর ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা, মোটরসাইকেল, ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়া হতো বলে অভিযোগ রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর আগেও তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছিল বলে জানা গেছে। তবে সাম্প্রতিক ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে।

