নিজস্ব প্রতিবেদক, খুলনা:
মৎস্য খাতকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এবারের বাজেটে মৎস্য খাত অগ্রাধিকার পেয়েছে। একই সঙ্গে মৎস্য খামারে অযথা অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধ করতে হবে। এর সঙ্গে দেশের খাদ্যনিরাপত্তা ও জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে খুলনার হোটেল সিটি ইনে বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ) আয়োজিত মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, একসময় দেশের রপ্তানি আয়ে চিংড়ি ছিল দ্বিতীয় অবস্থানে। বর্তমানে দেশে প্রায় ২ লাখ ৬৫ হাজার হেক্টর জমিতে চিংড়ি চাষ হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে ভেনামি চিংড়ির বাণিজ্যিক উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মাছের উৎপাদন বাড়াতে পতিত জলাশয়গুলো খননের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে দেশের মানুষের চাহিদা পূরণের পাশাপাশি মিঠাপানির মাছ বিদেশে রপ্তানি করা সম্ভব হবে বলে আশা করছে সরকার। এ লক্ষ্য অর্জনে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
খামারিদের সরকারি সহায়তার বিষয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মানুষের কল্যাণে সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য ভাতা চালু করেছে। পর্যায়ক্রমে খামারিদেরও কার্ডের আওতায় আনা হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগার, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল এবং খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।
এ ছাড়া বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. শাহজামান খান এবং বিএফএফইএর ভারপ্রাপ্ত সভাপতি মো. তরিকুল ইসলাম জহীর।
খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএফএফইএর সহসভাপতি এস কে কামরুল আলম।
সভায় মৎস্যচাষি, রপ্তানিকারক, খামার মালিক, ক্ষুদ্র ব্যবসায়ী, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা এবং সাংবাদিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনেরা অংশ নেন।

