রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

কুষ্টিয়ার পদ্মার চরাঞ্চলে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ২৫

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মার দুর্গম চরাঞ্চলে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ২৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাত থেকে দৌলতপুর উপজেলার সীমান্তসংলগ্ন পদ্মার চরাঞ্চলের বিভিন্ন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা পুলিশের প্রায় ২০০ সদস্য অংশ নেন। কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযানে সরাসরি নেতৃত্ব দেন।

পুলিশের দাবি, নদীবেষ্টিত ও ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হওয়ায় পদ্মার দুর্গম চরাঞ্চলকে কাজে লাগিয়ে কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এসব অপরাধের মধ্যে রয়েছে বালুমহাল দখল, চরাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্য বিস্তার, মাদক ও অস্ত্র চোরাচালান এবং কৃষিজমির ফসল লুট। এসব বিরোধকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দা ও কৃষকদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে চরের বিভিন্ন স্থানে তল্লাশি ও নজরদারি চালানো হয়।

অভিযান শেষে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ ২৫ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশই বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি। তাদের মধ্যে কোনো সক্রিয় সন্ত্রাসী বাহিনীর তালিকাভুক্ত সদস্য রয়েছেন কি না, তা বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, দিনব্যাপী অভিযান চালানো হলেও এ সময় কোনো অস্ত্র, মাদক বা গোলাবারুদ উদ্ধার করা সম্ভব হয়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, চরাঞ্চলে চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের তৎপরতা দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা জোরদার করতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

চরাঞ্চলে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581