খুলনা প্রতিনিধি:
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে কোনো অপশক্তি যেন ফায়দা লুটতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
তিনি বলেছেন, রাজনৈতিক বিভক্তি যেন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন নষ্ট করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ধর্ম যার যার, কিন্তু আমরা সবাই এ দেশের মানুষ। সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্য এ দেশের মানুষ যুগ যুগ ধরে লালন করে আসছে।
শুক্রবার বিকেলে খুলনার আর্য ধর্মসভা মন্দিরে অস্বচ্ছল নারীদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের স্বেচ্ছাসেবী সংগঠন শ্রীমদ্ভগবদ্গীতা সংঘ-খুলনা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে কেসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে সামগ্রিক পরিবর্তন আনতে কাজ শুরু করেছেন। মানুষের সঙ্গে মানুষের সম্প্রীতির বন্ধন দৃঢ় করার মধ্য দিয়েই এ পরিবর্তন বাস্তবায়িত হবে।
ঈদ ও দুর্গাপূজায় নতুন পোশাক পরে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া এবং আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়াকে আবহমান বাংলার ঐতিহ্য হিসেবে উল্লেখ করে নজরুল ইসলাম মঞ্জু বলেন, এ ধরনের উদ্যোগের মধ্য দিয়ে সমাজে সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে। সবাই মিলে একটি সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।
শ্রীমদ্ভগবদ্গীতা সংঘের সভাপতি নিতাই বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নগর সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক বিমান সাহা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের নগর শাখার সহসভাপতি উজ্জ্বল কুমার সাহা, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের খুলনা জেলা শাখার সভাপতি সমরেশ সাহা এবং সংঘের উপদেষ্টা ও মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সমর কুন্ডু।
অনুষ্ঠানে শ্রীমদ্ভগবদ্গীতা সংঘের পরিচিতি ও কার্যক্রম তুলে ধরেন সংগঠনটির সাধারণ সম্পাদক পুলোকেশ সাহা পলাশ। এ সময় সংঘের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শ্লোক উচ্চারণ করা হয়। পরে সংঘের প্রয়াত সদস্য ও তাঁদের নিকটাত্মীয়দের বিদেহী আত্মার শান্তি, অসুস্থ সদস্যদের দ্রুত আরোগ্য এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় প্রার্থনা করা হয়।

